দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২০ থেকে ২৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) আওতাধীন সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সীমান্তের কাছে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের উপস্থিতি দেখে সন্দেহ জাগে গ্রামবাসীদের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নেন এবং লাঠিসোটা হাতে সীমান্তে জড়ো হন। খবর পেয়ে দাউদপুর বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়।

দাউদপুর ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে ওই ভারতীয়দের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ধাওয়া দেন। একই সময়ে বিজিবির টহল দলও কঠোর অবস্থানে চলে যায়। বিজিবি ও গ্রামবাসীদের বাধার মুখে বাধ্য হয়ে বিএসএফ দ্রুত তাদের নাগরিকদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরও জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।