https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে পরীক্ষা পেছানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি থেকে দেশজুড়ে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের এই তারিখ ঘোষণা করেছিলেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে স্পষ্ট করেন, জানুয়ারির বদলে নতুন নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হবে এবং পরবর্তীতে আর তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।


