https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে – এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
আজ দুপুরে সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশের চলমান সংকট মোকাবিলা করে জনগণের স্বস্তি ও কল্যাণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বিগত সরকারের সময়ের পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, “আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি।”
তিনি বলেন, চারদিকে অরাজকতা ও নৈরাজ্যের এক ধূসর পরিবেশ ছিল। কে কখন গুম হয়ে যাবেন, কে কখন অদৃশ্য হয়ে যাবেন, তার কোনো নিশ্চয়তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুরধারে লাশ পাওয়া যেত। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যেই ব্যাপক আন্দোলনের মাধ্যমে ৫ আগস্টের পরিবর্তন এসেছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া পরিস্থিতি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লুটপাটের অভিযোগ তোলেন।
রিজভী বলেন, “মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।”
বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে।
রিজভী আহমেদ বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।
সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তবে জনগণের সরকার থাকলে সেসব পরিস্থিতি মোকাবিলা করে মানুষের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব।
তিনি বলেন, নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। পার্লামেন্ট ও গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে। সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানও সেই বৃহত্তর জবাবদিহিতার একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


