https://asia24.tv


ছবি: -সংগৃহীত
রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি হাটের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় পিকআপটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের ওপর উল্টে গেলে কয়েকজন যাত্রী ভেতরেই গুরুতর আহত ও পিষ্ট হন।
দুর্ঘটনায় নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ৩ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। বর্তমানে পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, আহত ও নিহতদের তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চালকের অবহেলা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।


