https://asia24.tv


ডোনাল্ড ট্রাম্প। ছবি: -সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান চরম সামরিক উত্তেজনার মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানকে পরাজিত করে শিগগিরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ‘অঞ্চল’ (টেরিটোরি) হিসেবে ঘোষণা করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) নিউইয়র্কে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, বিশ্বব্যাপী খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও সার সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম এই নৌপথের মালিকানা শিগগিরই দাবি করবে ওয়াশিংটন। তিনি দাবি করেন, “ইরানকে পরাজিত করার পর—ওরা এরই মধ্যে পর্যুদস্ত—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করব।” ট্রাম্প সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধকে ‘ইস্পাতের দেয়াল’ আখ্যা দিয়ে একে বিশ্বের জন্য মহৎ জনসেবা বলে দাবি করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথেই পরিবাহিত হতো। জুন মাসে সংঘাত কমানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও পরবর্তীতে উভয় পক্ষই তা লঙ্ঘনের অভিযোগে ফের যুদ্ধে জড়িয়ে পড়ে।
বর্তমানে যুক্তরাষ্ট্র নৌপথটিতে নিজস্ব অবরোধ জারি করেছে এবং বাণিজ্য জাহাজে আক্রমণের জবাবে ইরানি বন্দরের দিকে যাওয়া জাহাজে গুলি চালিয়েছে। এর বিপরীতে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, এই প্রণালির একাংশ তাদের নিজস্ব আঞ্চলিক জলসীমা, ফলে এর ওপর তাদের সার্বভৌমত্বই বজায় থাকবে।
ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কোনো টুইট, অধ্যাদেশ, নির্বাচনকালীন ভাষণ কিংবা বিমানবাহী রণতরি পাঠিয়ে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। ইরান এসব ফাপা হুমকিতে ভয় পায় না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসা এবং অভ্যন্তরীণ বিরোধিতার মুখে ট্রাম্পের এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলবে। জুলাইয়ের কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিপক্ষে। তাছাড়া দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আধিপত্য চাপিয়ে দেওয়ার যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন, হরমুজ প্রণালি নিয়ে তাঁর এই হুমকি তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।


