https://asia24.tv


ডা. জাহেদ উর রহমান। ছবি: -সংগৃহীত
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফরকে অত্যন্ত স্বাভাবিক বিষয় হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সরকারের নীতিগত সিদ্ধান্ত তুলে ধরে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে ‘র’ প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক ঘটনা। তাই এটি নিয়ে অনুমান নির্ভর আলোচনার প্রয়োজন নেই। তবে ভারতকে বর্তমান স্বাধীন বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতকে কড়া কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের নিরাপত্তা সুনিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে।
শিক্ষা ও অন্যান্য খাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে ডা. জাহেদ জানান, কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর প্রবণতা থেকে সরকার বের হয়ে এসেছে। ফলে এবার এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমলেও এটি গুণগত মানোন্নয়নের ইতিবাচক সূচক। শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহে একদিন ফ্রিতে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
এছাড়া তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণ এবং ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়ার কথা জানান তিনি। একই সাথে চিকিৎসকদের অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, শিশু-কিশোরদের জন্য ১৩টি সিটি কর্পোরেশনে খেলার মাঠ পুনরুদ্ধার এবং ক্রিকেট তারকা সাকিব আল হাসানের দেশে ফেরায় আইনি সুরক্ষার আশ্বাসও দেন তিনি।


