সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে। শনিবার সকালে মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ, যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথমবার প্রকাশ্যে দানবাক্স খোলার পর এ উদ্যোগ ইতিবাচক সাড়া পাওয়ায় একই প্রক্রিয়ায় আবারও দানবাক্স খোলা হয়েছে।
এর আগে গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। সে সময় তিনি মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
পরে ওই ঘোষণার অংশ হিসেবে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। এরপর থেকেই প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত সময় পরপর প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।





মন্তব্য করুন