https://asia24.tv


প্রতীকী ছবি। ছবি: -ফাইল ছবি
ভিসা ও গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করে নতুন নীতিমালা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনের সময়ই প্রার্থীকে তাঁর যোগ্যতার সব প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করতে হবে। নথিপত্রে ঘাটতি থাকলে অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়ে সরাসরি আবেদন বাতিল করা হতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, প্রাথমিক নথি জমা দিতে ব্যর্থ হলে আবেদনকারীর কাছে ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (আরএফই) বা ‘নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই’ (এনওআইডি) না পাঠিয়েই আবেদন সরাসরি নাকচ করা হতে পারে। সংস্থাটি স্পষ্ট করেছে যে প্রতিটি ফর্ম ও নির্দেশিকায় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ থাকে, তাই শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।
ইউএসসিআইএসের মতে, এই পদক্ষেপে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) তদারকি জোরদার হবে এবং অসম্পূর্ণ ও ভিত্তিহীন আবেদন কমবে। এর মাধ্যমে জো বাইডেন প্রশাসনের নীতি পরিবর্তন করা হলো, যেখানে নথিতে ঘাটতি থাকলেও সরাসরি বাতিল না করে কর্মকর্তাদের অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ দেওয়া হতো।
নতুন এই কঠোর নীতিমালা গত ৫ আগস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। বর্তমানে বিচারাধীন এবং ৫ আগস্ট বা তার পর জমা হওয়া সকল অভিবাসন সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে।


