তেল-গ্যাস ও বিদ্যুতের বাড়তি দামের পাশাপাশি সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেছে ১১ দলীয় জোট। তবে পুলিশের বাধার মুখে তাদের এই কর্মসূচি ভেস্তে যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি শেষে জোটের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন। কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনাস্থল থেকে তিনি ঘোষণা দেন, বিদ্যুৎ মন্ত্রী সরাসরি না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আন্দোলনকারীরা সচিবালয় প্রাঙ্গণ ত্যাগ করতে বাধ্য হন।
এই প্রতিবাদ কর্মসূচিতে জামায়াত আমির ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ সারির নেতারা।




মন্তব্য করুন