https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন আটকে রাখা এবং কয়েকজন মার্কিন কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যানের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, দুই দেশের কূটনৈতিক অচলাবস্থার সমাধান হলে রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রদূতের ভিসা বাতিলের অর্থ তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। বরং বর্তমানে তিনি ভিসাবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। ব্রাজিল যদি যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়, তাহলে ভারসাম্য ফিরিয়ে আনার অংশ হিসেবে ভিওত্তির ভিসাও পুনরায় কার্যকর করা হবে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিল সরকার। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েনের নতুন উদাহরণ।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, লুলা সরকার রক্ষণশীল রাজনীতিকদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছে। অন্যদিকে, ব্রাজিলের অভিযোগ, লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীল শক্তিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
উল্লেখ্য, গত মাসে ব্রাজিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কয়েকজন কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করে। ব্রাজিলের দাবি, আগামী অক্টোবরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও নির্বাচনি ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যেই তারা দেশটি সফর করতে চেয়েছিলেন।


