আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (২ আগস্ট) বিইআরসি ঘোষিত নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে যার মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা। যদিও এর আগের মাস জুনে দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বেসরকারি এলপিজির প্রতি কেজির নতুন খুচরা মূল্য ধরা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা। নতুন নির্ধারিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

একই সঙ্গে গণপরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি।