উচ্চ মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যেও বেসরকারি খাতে বিনিয়োগের গতি ফেরাতে দীর্ঘ দুই বছর পর নীতি সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রেপো রেট ১০ শতাংশ থেকে নেমে ৯.৫০ শতাংশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মনিটরি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার (২ আগস্ট) থেকে সারা দেশে নতুন এই হার কার্যকর হবে।
২০২৪ সালের অক্টোবরে মূল্যস্ফীতি সামলাতে রেপো রেট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এমনকি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) সংকোচনমূলক মুদ্রানীতিতেও এটি বহাল রাখা হয়। তবে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এক মাসের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক অবস্থান পরিবর্তন করল।
সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহারের পাশাপাশি ব্যাংকগুলোর জন্য জরুরি ঋণের হার বা স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) আগের মতো ৭.৫০ শতাংশেই অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনার খরচ কিছুটা কমবে, যা স্থবির হয়ে পড়া ব্যবসায়িক বিনিয়োগ তরান্বিত করতে সহায়তা করবে।





মন্তব্য করুন