https://asia24.tv


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও ছবি: -সংগৃহীত
আজকের শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কিশোর-কিশোরীদের এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাটি ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয়।
উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ শুরু করেছি। কিন্তু এই কাজ তখনই সফল হবে, যখন তোমরা নিজেদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, একই সঙ্গে খেলার সময় মন দিয়ে খেলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উপস্থিত হাজার হাজার শিশুদের মধ্য থেকেই আগামী দিনের সফল চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট বেরিয়ে আসবে, যারা বিশ্বমঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনবে। তাই শিশুদের আত্মগঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় শিশুদের কাছে বেশ কিছু বিষয়ে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। পাশাপাশি, প্রতি বছর নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ লাগানো এবং প্রকৃতির জীবজন্তু ও পশুপাখির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গাছ পরিবেশকে সুন্দর করবে এবং প্রাণীসম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব।
বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে। শিশুরা পড়ালেখা, খেলাধুলা বা শিল্পকলা—যে ক্ষেত্রেই নিজেদের বিকশিত করতে চাক না কেন, সরকার সব ধরনের সহায়তা দেবে।
সংবাদমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমে সাধারণত রাজনৈতিক ও সামাজিক খবর প্রাধান্য পায়। কিন্তু এই শিশুরা ও তাদের অর্জনই বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ। তাই সংবাদমাধ্যমে এই শিশুদের উদ্যোগ ও সাফল্যকে অগ্রাধিকার বা ‘লিড নিউজ’ হিসেবে প্রচারের আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে পৌঁছালে হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাঁকে স্বাগত জানায়। তিনি মাঠ ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ও ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শিশুরা থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


