বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরবর্তী সময়ে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে আল জাজিরা জানায়, পরিকল্পনাটি কার্যকর হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একযোগে সর্বোচ্চসংখ্যক ভিসা বাতিলের ঘটনা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) যৌথভাবে এই সংক্রান্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যুকৃত স্বল্পমেয়াদি ‘বি-১’ ও ‘বি-২’ ভিসাধারীদের ওপর এই নীতি প্রয়োগ করা হবে—যারা বর্তমানে দেশটিতে স্থায়ী আশ্রয়ের জন্য আবেদন করেছেন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, সাময়িক ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে স্থায়ীভাবে থাকার সুযোগ নেওয়া অ-অভিবাসী ব্যক্তিদের শনাক্ত করতেই ডিএইচএসের সাথে সমন্বয় করা হচ্ছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসন সূত্রের খবর, ভিসা বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎক্ষণাৎ স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে না। পরিবর্তে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের একটি ভিন্ন অভিবাসন শ্রেণির অন্তর্ভুক্ত রাখা হবে। ফলে আবেদন প্রক্রিয়া চলাকালে পর্যটন বা ব্যবসা সংক্রান্ত পূর্বের বিশেষ ভিসা মর্যাদা বাতিল বলে গণ্য হবে।