https://asia24.tv


ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে দেওয়া অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপির অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি প্রভাবশালী প্রেসার গ্রুপে রূপান্তরিত হওয়া এই সংগঠনটি সরকারের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে প্রবঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে।
এক বিজ্ঞপ্তিতে সিজেপির নেতারা বলেন, শান্তিপূর্ণ রাজপথ ছাড়ার শর্ত হিসেবে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, এখন তা থেকে পিছু হটে একটি পুরো প্রজন্মকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। ভারতের তরুণদের দেওয়া অঙ্গীকার কোনোভাবেই অস্বীকার করা যাবে না এবং তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
আদালতের বারবার তাগিদ সত্ত্বেও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো তালিকা এখনো সরকার জমা দেয়নি বলে অভিযোগ তোলা হয়। সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আইনি দলের প্রধান রত্না সিং যৌথ সংবাদ সম্মেলনে বলেন, সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করার পর এখন চুক্তি বাস্তবায়নে তারা টালবাহানা করছে। সরকারের এই বিলম্ব ও নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসভঙ্গ ছাড়া আর কিছুই নয়।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ২৪ আগস্ট তারা বিশেষ বৈঠকে বসবে। সেখান থেকে পরবর্তী নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে ধারণা দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, নিট পরীক্ষায় অনিয়মের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষা সংস্কার প্রস্তাব কার্যকর করার বিষয়েও সরকার এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
সংগঠনটি স্মরণ করিয়ে দিয়েছে, শিক্ষার্থীদের তীব্র দাবির মুখেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তাই তরুণদের ন্যায্য অধিকার না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই থামবে না। সিজেপি তাদের সমর্থক ও সারাদেশের শিক্ষার্থীদের আগামী ২৪ আগস্টের কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।


