ঢাকা
২৮ জুলাই ২০২৬
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: সিইসি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  ছবি: -সংগৃহীত

পদত্যাগী রাষ্ট্রপতির শূন্য আসনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তফসিল ও ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কমিশন সভায় সময়সূচি চূড়ান্ত করে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে সংসদ অধিবেশন চলা বা না চলার ওপর নির্ভর করেই আইনি কাঠামো ও পরবর্তী প্রক্রিয়া নির্ধারিত হবে। ভোটার তালিকার বিষয়ে তিনি জানান, সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা সরবরাহ করা হবে এবং এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পাঠানো হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিইসি জানান, বৈঠকে এটি নিয়ে কথা হয়নি; তবে সংসদ থেকে রেফার করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক। রাষ্ট্রপতি নির্বাচনে সিইসি প্রধান নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের মতো কাজগুলো পরিচালনা করবে ইসি। জাতীয় সংসদ কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে সংসদ সদস্যরাই হবেন ভোটার। প্রার্থিতার ক্ষেত্রে একজন সংসদ সদস্যের প্রস্তাবক, আরেকজনের সমর্থক এবং প্রার্থীর লিখিত সম্মতি থাকা বাধ্যতামূলক। প্রয়োজনবোধে স্পিকার মাত্র সাত দিনের নোটিশে বিশেষ সংসদ অধিবেশন আহ্বান করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্পিকার অনুপস্থিত থাকায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa