https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সংস্থাটি দেশের গণতন্ত্র পুনর্গঠন, মানবাধিকার সুরক্ষা এবং একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ এ প্রত্যায় ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আন্তঃসংসদীয় সহযোগিতা প্রসারে আইপিইউ-এর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
তিনি গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ পুনরুদ্ধারে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে তাকে অবহিত করেন এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও জবাবদিহিতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ডিজিটাল হয়রানি এবং ভুল ও অপতথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, বিশেষ করে নারী ও মেয়েশিশুদের নিয়ে আলোচনা করেন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরালো সংসদীয় সহযোগিতার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখতে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বব্যাপী সংসদীয় পর্যায়ে আরও জোরালো ভূমিকার আহ্বান জানান।
আইপিইউ মহাসচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলোকে স্বাগত জানান।
তিনি গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও আইপিইউ-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


