https://asia24.tv


সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসাংবাদিকদের ব্রিফিং করেন। ছবি: বাসস ছবি: -সংগৃহীত
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব নির্বাচন পরিচালনার জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন প্রতিমন্ত্রী।
নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসা হবে। তবে নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ও তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার ভুক্ত। কমিশনের সঙ্গে বৈঠকের পর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, ঢাকায় পানি সরবরাহ নিশ্চিত করতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজ বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে ডেনমার্ক। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা প্রদান করবে, যার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ যোগ্য ঋণ।
মেঘনা নদী থেকে দৈনিক ৯৫ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা সম্পন্ন এই প্রকল্প সরকারের ওপর আর্থিক চাপ না ফেলে বাস্তবায়িত হবে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেছে ডেনমার্ক।


