ঢাকা
২৫ আগস্ট ২০২৬
Advertise with us

আবার রাজপথে ফেরার হুংকার দিল ‘তেলাপোকা পার্টি’!

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
আবার রাজপথে ফেরার হুংকার দিল ‘তেলাপোকা পার্টি’!

ছবি: -প্রতিনিধি

ভারতের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আলোচিত ও ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিচিত ককরোচ জনতা পার্টি (সিজেপি) বা ‘তেলাপোকা পার্টি’ ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে। বেকারত্ব, সামাজিক অসন্তোষ এবং বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ের বিরুদ্ধে সরব হওয়া এই দলটি তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছে।

সিজেপি জানিয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে ‘শান্তিপূর্ণ পদযাত্রা’ করবে তারা।

চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামভিত্তিক একটি ব্যঙ্গাত্মক গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করা তেলাপোকা জনতা পার্টি এখন রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৫ সেপ্টেম্বরের পদযাত্রা শুরু হবে ইন্ডিয়া গেট থেকে। শেষ হবে দিল্লি পুলিশ সদর দপ্তরে। ফলে এই কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের সঙ্গে নতুন করে উত্তেজনা বা মুখোমুখি অবস্থানের আশঙ্কা তৈরি হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও কয়েকটি দাবি ছিল। নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ থাকা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছিল তারা। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না- সরকারের কাছ থেকে এমন নিশ্চয়তাও দাবি করেছিল গোষ্ঠীটি।

পরে সিজেপি আন্দোলন প্রত্যাহার করে জানায়, সরকার তাদের দাবিগুলো পূরণে সম্মত হয়েছে। তবে এখন তাদের অভিযোগ, সরকার ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি।

সিজেপি জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন নিট পরীক্ষার্থীদের মধ্যে যারা মারা গেছেন, তাদের অভিভাবকরা।

বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, সরকার ২৫ জুলাই যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ৫ সেপ্টেম্বর যুবসমাজকে সংগঠিত করার কর্মসূচি ঘোষণা করছে সিজেপি। মৃত নিট ভুক্তভোগীদের পরিবার ও পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের নেতৃত্বে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করা হবে।

সিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার (২৫ আগস্ট) বৈঠকে বসে ভারত সরকার এবং বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ২৫ জুলাই দেশের তরুণদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই সরল বিশ্বাসে দেশব্যাপী যুব আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল।

তবে বৈঠকে অংশ নেওয়া কমিটির সদস্যরা সরকারের প্রতিশ্রুতি রক্ষা করার আন্তরিকতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, সরকার আদৌ নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চায় কি না।

সিজেপির অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সরকার নানা ধরনের বিলম্বের কৌশল নিচ্ছে। কখনো কারিগরি জটিলতার আড়ালে যাচ্ছে, আবার কখনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে এড়িয়ে যাচ্ছে।

গোষ্ঠীটির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া এফআইআরের তালিকা বাতিলের জন্য সরকারকে সরবরাহ করতে বলেছিল ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু সেই তালিকা এখনো দেওয়া হয়নি।

সিজেপি বলেছে, এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতিও দিতে রাজি হয়নি সরকার। আন্দোলন প্রত্যাহারের সময় সরকার যে লিখিত নিশ্চয়তা সিজেপিকে দেওয়ার কথা ছিল, সেটিও এখনো বাকি রয়েছে বলে অভিযোগ করেছে তারা।

আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রায় ইন্ডিয়া গেটে বিপুলসংখ্যক শিক্ষার্থী, যুব সংগঠন এবং তরুণ নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

গত মাসে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আসে সিজেপি স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের কয়েক সপ্তাহের টানা আন্দোলনের পর। আন্দোলন আরও জোরালো হয়, যখন দিল্লি পুলিশ সংসদ ভবনের দিকে যাত্রা করা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। ওই ঘটনায় বহু আন্দোলনকারী আহত হন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa