https://asia24.tv


ইমরান খান। ছবি: -ফাইল ছবি
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মধ্যরাতে আদিয়ালা কারাগার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
এর আগে দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে শিফা আন্তর্জাতিক হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ প্রদান করেন। পাকিস্তান সরকার আদালতের এই নির্দেশে পরিবর্তন আনার চেষ্টা করলেও আদালত তা নাকচ করে দেন। সরকারের পক্ষ থেকে লিখিত কোনো মন্তব্য করা না হলেও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী নিশ্চিত করেছেন যে, আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি চিকিৎসকদের করা এক পরীক্ষায় ৭৩ বছর বয়সি এই নেতার উচ্চ রক্তচাপজনিত জটিলতা ও অস্থিরতার মতো উপসর্গ দেখা যায়। দীর্ঘ সময় কারাগারে নিঃসঙ্গ বন্দি জীবন কাটানোর কারণে তার মানসিক চাপ ও রক্তচাপের এই তারতম্য তৈরি হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্য ও আইনজীবীরা। এছাড়া বিগত বছর থেকেই তার দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু সমস্যার কথাও পরিবার থেকে জানানো হচ্ছিল।
হাসপাতালে স্থানান্তরের পূর্বে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের আগস্ট থেকে তোশাখানা সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিকেও বিভিন্ন অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিনিও বর্তমানে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।


