https://asia24.tv


মার্কিন যুদ্ধজাহাজ, ছবি: -সংগৃহীত
মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করা হাজার হাজার মার্কিন সামরিক সদস্যের জীবনযাপন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্যসংকট, স্যুয়ারেজ ব্যবস্থার তীব্র প্লাম্বিং সমস্যা, স্বাস্থ্যকর পরিবেশের অভাব এবং ডাক সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে নাবিকদের মানসিক অবস্থা চরম অবনতির দিকে ঠেকেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন আইনপ্রণেতারা পেন্টাগনের কাছে জরুরি ব্যাখ্যা দাবি করেছেন। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগকে ‘ভুলভাবে উপস্থাপিত’ বলে দাবি করেছেন।
মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, দীর্ঘ মোতায়েন ও মানসিক চাপের কারণে ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার মতো চরম সিদ্ধান্তের কথাও ভাবছিলেন। সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার সূত্রে জানায়, চলতি মাসের শুরুতে এক নাবিক সাগরে পড়ে গেলে তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি মানসিক চাপজনিত কি না, তা তদন্ত করা হচ্ছে।
কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, প্রায় পাঁচ হাজার সেনাসমৃদ্ধ এই রণতরীতে দূষিত পানি, ছত্রাকধরা বাথরুম, বন্ধ হয়ে যাওয়া টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ জামাকাপড় ধোয়ার সুযোগ না থাকা এবং চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে, অ্যারিজোনার সিনেটর রুবেন গ্যালেগো ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল লেভিন এই ‘ভয়াবহ পরিস্থিতি’ সরজমিনে তদন্তের জন্য কংগ্রেসীয় প্রতিনিধিদল পাঠাতে জোর দাবি জানিয়েছেন।
জাহাজে থাকা এক নাবিকের স্বজন জানান, গত কয়েক মাসে পুষ্টিকর খাদ্যাভাব ও ঘুমের অভাবে তাঁর স্বজনের ওজন প্রায় ২৯ কেজি (৬৫ পাউন্ড) কমে গেছে। দীর্ঘ সময় নোঙর না করা, সার্বক্ষণিক ইঞ্জিনের শব্দ, এবং তাজা খাবারের অভাবে সেনারা চরম শারীরিক ও মানসিক অবসাদে ভুগছেন। এক নাবিক তাঁর পরিবারকে লিখেছেন, “আমি মৃতপ্রায় ক্লান্ত। একেবারেই শেষ হয়ে গেছি।”
তবে মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এসব অভিযোগ আংশিক খণ্ডন করে দাবি করেছেন, যুদ্ধকালীন সামরিক তৎপরতার কারণে প্রথম দিকে সরবরাহ ব্যাহত হলেও বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য, স্বাস্থ্যসামগ্রী ও ডাক সেবা চালু রাখা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পানামায় সাংবাদিকদের বলেন, সরকার প্রতিটি জাহাজ ও ক্যাপ্টেনের প্রয়োজন মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও সেনাসদস্যদের রসদ জোগাতে কাজ করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে রওনা হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান নেয় ইউএসএস আব্রাহাম লিংকন। মে মাসে জাহাজটির মার্কিন মুলুকে ফেরার কথা থাকলেও দফায় দফায় সেই মেয়াদ বাড়ানো হয়। আন্তর্জাতিক সামরিক প্রকাশনা ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ ও ‘ইউএসএনআই নিউজ’-এর গবেষণা বলছে, দীর্ঘমেয়াদি মোতায়েন, অনুপযুক্ত আবাসন এবং অপর্যাপ্ত বিশ্রামের কারণে মার্কিন নৌবাহিনীর নাবিকদের মধ্যে মানসিক সংকট ও আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেশি।
সূত্র: বিবিসি / সিবিএস নিউজ / রয়টার্স


