https://asia24.tv


ছাত্রদল সাধারণ সম্পাদক ও শিবির সভাপতি। ছবি: -ফাইল ছবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের এই শীর্ষ নেতা নিজের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ‘ছাত্রশিবির সভাপতির “আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না”—এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।’
তিনি আরও উল্লেখ করেন, এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি। রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া চালিয়ে বিকৃত উল্লাস করা হলেও শিক্ষার্থীরা এখন তা প্রতিরোধ করতে শুরু করেছে। ১০ মিনিট কিংবা ১০ বছর চেষ্টা করেও শিবিরের এই অশুভ চক্রান্ত সফল হবে না বলে দাবি করেন তিনি।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও হুমকির বিরুদ্ধে সতর্ক করে ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, তারা কোনো ধরনের সংঘাত নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে উসকানি বা হুমকির মাধ্যমে আধিপত্য প্রথিষ্ঠার (১) যেকোনো অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রথিহত (২) করবে।


