https://asia24.tv


প্রতিকী ছবি ছবি: -প্রতিনিধি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


